দেশে ১০ কোটি এনআইডি ভেরিফায়েড
যাচাই-বাছাইয়ের পর ভেরিফায়েড পর্যায়ে থাকা দেশের ১০ কোটি নাগরিকের পরিচয়পত্রের (আইডি) তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কাছে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ে ‘পরিচয় ডট গভ ডট বিডি’ পোর্টালের সঙ্গে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক চুক্তি সই অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রায় ১০ কোটি নাগরিকের ডিজিটাল ভেরিফায়েড তথ্য এখন আমাদের কাছে আছে। আছে ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএস)। লেনদেনের ক্ষেত্রে ইন্টার-অপারেবলিটি এখনও নেই। তবে উপদেষ্টার নির্দেশনায় আমরা ইন্টার-অপারেবল ডিজিটাল ট্র্যানজেকশন প্ল্যাটফর্ম আমরা করছি। এর ফলে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে টাকার লেনদেন করা যাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের লক্ষ্য সরকারের ৯০ শতাংশ সেবা ২০২১ সালের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসবো। আমরা এরই মধ্যে ৮০০ সেবা চিহ্নিত করেছি, যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। মাত্র ১০ বছরে আমরা প্রায় পাঁচ শতাধিক সেবা অনলাইনে এনেছি। ব্যাংকিং থেকে এডুকেশন, এডুকেশন থেকে এমপ্লয়মেন্ট; সবকিছু যেন হাতের ছোঁয়ায় থাকে তার জন্য আমরা কাজ করছি।
প্রসঙ্গত,‘পরিচয় ডট গভ ডট বিডি’ পোর্টালের সঙ্গে চুক্তির মাধ্যমে বেসরকারি খাতের ব্যাংক হিসেবে প্রথম পোর্টালটির সঙ্গে যুক্ত হয়েছে ইবিএল। চুক্তির ফলে ইবিএল একটি নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরিচয় পোর্টাল থেকে গ্রাহকদের বর্তমান ও স্থায়ী ঠিকানা, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, পাসপোর্টের তথ্য, স্বাক্ষর, ছবি, বায়োমেট্রিক (আঙুলের ছাপ), কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) তথ্য এবং সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) তথ্যসহ বিভিন্ন ধরনের তথ্য পাবে।